চতুর্থ দিনের স্বপ্নভঙ্গ মাউন্ট মঙ্গানুই টেস্ট বাঁচাতে ওয়েস্ট ইন্ডিজকে অবিশ্বাস্য কিছু করে দেখাতে হতো। নিউজিল্যান্ডের দেওয়া ৪৬৩ রানের জবাবে ক্যারিবিয়ানরা চতুর্থ দিন শেষ করেছিল বিনা উইকেটে ৪৩ রান নিয়ে। জয় থেকে ৪১৯ রান দূরে থাকলেও উদ্বোধনী জুটি ৮০ রান পার করার পর উইন্ডিজ সমর্থকরা আশার আলো দেখছিলেন। কিন্তু সেই উদ্বোধনী জুটি ভাঙার পরই ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইনআপে চরম ধস নামে।
ডাফির বিধ্বংসী বোলিং কিংয়ের বিদায়ের পর বোর্ডে রান ৯৮ হতেই ৫ উইকেট হারিয়ে ফেলে ক্যারিবিয়রা। জন ক্যাম্পবেল (১৬), কাভেম হজ (০), আলিক অ্যাথানেজ (২) এবং জাস্টিন গ্রিভস (০)-সহ এই পাঁচজনের মধ্যে তিনজন ফেরেন জ্যাকব ডাফির বলে। বাকি দুটি উইকেট নেন আজাজ প্যাটেল।
যথারীতি হতাশ করেছেন অধিনায়ক রস্টন চেজ। তিনি মাত্র ৫ রান করেই ডাফির শিকার হন। শাই হোপ (৩), কেমার রোচ (৪) ও অ্যান্ডারসনও (১০) ব্যর্থতার পরিচয় দেন। ১৩৮ রানে ৯ উইকেট হারানোর পর সেই একই রানে জেইডেন সিলস বোল্ড হন ডাফির বলে, কোনো রান না করেই। এর মাধ্যমেই তিনি তার ফাইফার শিকার করেন। টেভিন ইমলাচ ১৫ রানে অপরাজিত ছিলেন। ওয়েস্ট ইন্ডিজ অলআউট হয় মাত্র ১৪০ রানে।
সিরিজের সেরা ডাফি, ভাঙলেন ৪০ বছরের রেকর্ড এই জয়ে নিউজিল্যান্ডের তারকা পেসার জ্যাকব ডাফি আরও একবার নিজের জাত চেনালেন। তিনি এই তিন ম্যাচের সিরিজে তিনবার পাঁচ উইকেট শিকার করেছেন। নিউজিল্যান্ডের হয়ে এক সিরিজে তার চেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড আছে কেবল দুই কিংবদন্তি বোলারের – রিচার্ড হ্যাডলি (৩৩ বনাম অস্ট্রেলিয়া, ১৯৮৫) ও ব্রুস টেলর (২৭ বনাম ওয়েস্ট ইন্ডিজ, ১৯৭২)। ৪০ বছর পর এক সিরিজে সর্বোচ্চ উইকেট নেওয়া নিউজিল্যান্ডার তিনি। অসাধারণ পারফরম্যান্সের সুবাদে তিনি সিরিজের সেরা নির্বাচিত হন।