তারেক রহমানের প্রত্যাবর্তনে বরিশালে প্রস্তুতি সভা
দীর্ঘ নির্বাসন শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তনে উৎসবের আমেজ আনতে চাইছে বরিশাল বিএনপি। বরিশাল বিভাগ থেকে প্রায় পাঁচ লক্ষাধিক নেতাকর্মীর উপস্থিতি নিশ্চিত করার লক্ষ্য নিয়ে সাংগঠনিক তৎপরতা তুঙ্গে। দলের কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরিনের সভাপতিত্বে গত ২১ ডিসেম্বর (রোববার) রাতে মহানগরসহ বিভাগের ছয় জেলার শীর্ষ নেতাদের নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। একই রাতে বরিশাল ক্লাবে যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল আউয়াল মিন্টুও সাংগঠনিক ছয় জেলার নেতাদের নিয়ে প্রস্তুতি সভা করেন।
এছাড়াও, ২২ ডিসেম্বর (সোমবার) বিকেলে সরকারি গৌরনদী কলেজ মসজিদ প্রাঙ্গণে গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার নেতাকর্মীদের নিয়ে সভা করেন বরিশাল-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও চেয়ারপার্সনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন। ওই দিন দিনভর বরিশালের সাংগঠনিক ছয়টি জেলা এবং উপজেলা, পৌরসভাসহ অন্যান্য ইউনিট কমিটিও প্রস্তুতি সভা করে। প্রতিটি সভায়ই তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বরিশাল বিভাগ থেকে সর্বোচ্চ গণজমায়েত সৃষ্টির নির্দেশনা দেওয়া হয়েছে।
লঞ্চ, সড়ক ও আকাশপথে ঢাকা যাত্রা
দলীয় সূত্রে জানা গেছে, বরিশাল থেকে প্রায় ২২টি লঞ্চের বহর নিয়ে নেতাকর্মীরা ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। এর পাশাপাশি সড়ক এবং আকাশ পথেও ঢাকা যাবেন তাঁরা। এজন্য দুই দিন আগে থেকেই বরিশাল থেকে অধিকাংশ বাস এবং বিমানের টিকিট বুকিং করে রাখা হয়েছে। কেউ কেউ এরই মধ্যে ঢাকায় অবস্থান নিতে শুরু করেছেন।
মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার জানান, শুধু বরিশাল মহানগর থেকেই প্রায় ২৫ হাজার নেতাকর্মী নিয়ে তাঁরা ঢাকায় যাবেন। ২৪ ডিসেম্বর রাত ৮টায় বরিশাল নদীবন্দর থেকে পাঁচটি বিলাসবহুল লঞ্চ নেতাকর্মীদের নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এর বাইরে সড়ক পথেও বহু নেতাকর্মী যাত্রা করবেন।
পাঁচ লক্ষাধিক মানুষের সমাগমের লক্ষ্য
বিএনপির বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরিন বলেন, তাঁদের মূল লক্ষ্য তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা জানানো। নেতাকর্মীরা প্রিয় নেতাকে কাছ থেকে দেখার জন্য উদগ্রীব হয়ে আছেন। তিনি জানান, বরিশাল থেকে বেশিরভাগ নেতাকর্মী লঞ্চযোগে ঢাকায় যাবেন। বিশেষ করে ভোলা, বরিশাল, পটুয়াখালী, ঝালকাঠির নেতাকর্মীরা এই পথ ব্যবহার করবেন। এর বাইরে পিরোজপুর, বরগুনা, বরিশালের গৌরনদী-আগৈলঝাড়া, উজিরপুর-বানারীপাড়া, বাকেরগঞ্জ উপজেলার নেতাকর্মীরা সড়ক পথে যাত্রা করবেন।
তাঁর ভাষ্যমতে, সব মিলিয়ে পাঁচ থেকে সাড়ে পাঁচ লাখ নেতাকর্মী ঢাকায় নেতাকে সংবর্ধনা জানাতে যাবেন। এখানে বিএনপি নেতাদের পাশাপাশি ২১টি সংসদীয় আসনে দলের মনোনীত প্রার্থীদের সঙ্গে সমন্বয় করে সম্মিলিতভাবে 'ঢাকা চলো' কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।