ফ্র্যাঞ্চাইজি সিক্যুয়েলের চমক
২০২৬ সালে বেশ কয়েকটি জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ও সিনে সিক্যুয়েল থাকছে বলিউডের ঝুলিতে। এর মধ্যে সবচেয়ে প্রতীক্ষিত হলো হৃতিক রোশনের পরিচালনায় 'কৃশ ৪'। শুধু পরিচালনা নয়, অভিনেতা হিসেবে দ্বৈত ভূমিকায় তাঁকে কেমন দেখায়, সেই দিকে নজর থাকবে দর্শকদের। বিতর্ক ও আইনি জটিলতা কাটিয়ে অক্ষয় কুমার, পরেশ রাওয়াল এবং সুনীল শেঠির 'হেরা ফেরি ৩'-এর শুটিং মাসখানেক আগে শুরু হয়েছে, যা নতুন বছরে মুক্তি পাবে।
এছাড়াও অজয় দেবগনের হিট থ্রিলার ফ্র্যাঞ্চাইজি 'দৃশ্যম'-এর তৃতীয় সিক্যুয়েল আসছে। তালিকায় আরও রয়েছে টাইগার শ্রফের 'বাগি ৪', বরুণ ধাওয়ানের 'ভেড়িয়া ২' এবং রানি মুখার্জির নারীকেন্দ্রিক হিট ফ্র্যাঞ্চাইজি 'মার্দানি ৩'।
মেগাবাজেট তারকাবাজি
বিগ বাজেট সিনেমার তালিকাও নেহাত কম নয়। গত তিন বছর ধরে চর্চায় থাকা নীতেশ তিওয়ারির বহু প্রতীক্ষিত 'রামায়ণ'-এর প্রথম পর্ব ২০২৬ সালেই মুক্তি পাবে। এই ছবিতে রামের ভূমিকায় রণবীর কাপুরের অভিনয় দেখার জন্য দর্শক অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
মেগাবাজেট সিনেমার তালিকায় আরও রয়েছে শাহরুখ খানের 'কিং'। এই ছবিতে প্রথমবারের জন্য পিতা-পুত্রী শাহরুখ-সুহানা খানকে এক ফ্রেমে দেখা যাবে। এছাড়াও দীপিকা পাড়ুকোন, রানি মুখার্জি, অভিষেক বচ্চন, আরশাদ ওয়ারসিদের মতো তারকামুখের ভিড় থাকবে এই ছবিতে। সঞ্জয় লীলা বানশালির বহু প্রতীক্ষিত 'লাভ অ্যান্ড ওয়ার'-এ মুখ্য ভূমিকায় থাকছেন রণবীর কাপুর, আলিয়া ভাট এবং ভিকি কৌশল। ক্যামিও চরিত্রে চমক হিসেবে শাহরুখ খানকে পাওয়ার সম্ভাবনা রয়েছে।
শাহরুখ-রণবীরের পাশাপাশি সালমান খানের দেশাত্মবোধক সিনেমা 'ব্যাটেল অব গালওয়ান'-ও নতুন বছরে মুক্তি পেতে চলেছে। ছত্রপতি শিবাজী মহারাজের বায়োপিক হিসেবে মুক্তি পাবে 'দ্য প্রাইড অব ভারত'।
কমিক রিলিফ ও দক্ষিণী ছবির উন্মাদনা
থ্রিলার, অ্যাকশন ও রোম্যান্সের পাশাপাশি ২০২৬ সালে বলিউডের ঝুলিতে দমফাটা হাসির গল্পও রয়েছে। প্রিয়দর্শন পরিচালিত অক্ষয় কুমার ও টাবুর 'ভূত বাংলা' মুক্তি পাচ্ছে। এছাড়াও আসছে 'ধামাল ৪' এবং রম-কম ছবি 'পতি পত্নী অউর ওহ ২'।
দক্ষিণী সিনেমা হলেও প্রভাসের 'ফৌজি' এবং যশের 'টক্সিক' নিয়েও দর্শকদের কৌতূহলের অন্ত নেই। 'টক্সিক' সিনেমায় একেবারেই ভিন্ন চরিত্রে দেখা যাবে কিয়ারা আদভানিকে। উল্লেখ্য, বক্স অফিস কাঁপানো 'ধুরন্ধর'-এর দ্বিতীয় ভাগও ২০২৬ সালের মার্চে মুক্তি পাচ্ছে।
টলিউডের তালিকা
বলিউডের পাশাপাশি আসন্ন নতুন বছরে টালিউড রিলিজের তালিকাতেও থাকছে একগুচ্ছ সিনেমা। উইন্ডোজ প্রযোজিত 'ভানুপ্রিয়া ভূতের হোটেল' জানুয়ারি মাসে মুক্তি পাচ্ছে। সুমন ঘোষের পরিচালনায় শিবপ্রসাদ মুখোপাধ্যায় অভিনীত 'ফ্যামিলিওয়ালা' অন্যতম বড় চমক হতে চলেছে। এছাড়াও নন্দিতা-শিবপ্রসাদের 'ইচ্ছে'র সিক্যুয়েল-এর শুটিং শুরু হবে জানুয়ারি থেকে এবং পুজোয় আসছে 'বহুরুপী ২'। ভালোবাসা দিবসে মুক্তি পাবে রাহুল মুখোপাধ্যায়ের ত্রিকোণ প্রেমের ছবি 'মন মানে না'। জিতের অনন্ত সিং বায়োপিক 'কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত' নিয়েও দর্শকের উন্মাদনা তুঙ্গে। দেবের একাধিক সিনেমা, যেমন 'খাদান ২' এবং 'প্রজাপতি ৩'-ও মুক্তির অপেক্ষায় রয়েছে।