• বিনোদন
  • অভিনেতা হিসেবে নতুন বছরে চমক আনছেন 'কানতারা'-খ্যাত ঋষভ শেঠি

অভিনেতা হিসেবে নতুন বছরে চমক আনছেন 'কানতারা'-খ্যাত ঋষভ শেঠি

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা, পরিচালক, ও লেখক ঋষভ শেঠি তাঁর নতুন বছরে শুধু অভিনয়কেই প্রাধান্য দেবেন। তিনি প্রশান্ত ভার্মা পরিচালিত ‘জয় হনুমান’ ছবিতে কাজ করবেন এবং ২০২৬ সালে ভক্তদের জন্য একটি বড় ঘোষণার পরিকল্পনা করছেন।

বিনোদন ১ মিনিট পড়া
অভিনেতা হিসেবে নতুন বছরে চমক আনছেন 'কানতারা'-খ্যাত ঋষভ শেঠি

চলতি বছর ‘কানতারা: লিজেন্ড—চ্যাপ্টার ওয়ান’-এর মাধ্যমে প্যান-ইন্ডিয়া সুপারস্টার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার পর এবার নতুন বছরের কর্মপরিকল্পনা জানালেন ঋষভ শেঠি। আগামী বছর পরিচালকের চেয়ার ছেড়ে শুধু অভিনেতা হিসেবেই কাজ করার ঘোষণা দিয়েছেন এই জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত তারকা, পাশাপাশি ভক্তদের জন্য বিশেষ চমকের ইঙ্গিতও দিয়েছেন তিনি।

বহুমুখী প্রতিভার অধিকারী ঋষভ শেঠি

খলনায়ক হিসেবে অভিনয়ের যাত্রা শুরু করলেও খুব অল্প সময়েই কন্নড় সিনেমায় নিজের অবস্থান শক্ত করেন ঋষভ শেঠি। অভিনয়ের পাশাপাশি পরিচালনায় নাম লিখিয়ে তিনি একের পর এক ব্যতিক্রমী কাজ উপহার দিয়ে চলেছেন। এই বহুমুখী প্রতিভার অধিকারী তারকা এরই মধ্যে ৬টি সিনেমা নির্মাণ করে দুটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘরে তুলেছেন। তাঁকে বর্তমান ভারতীয় সিনেমার অন্যতম প্রভাবশালী সৃজনশীল ব্যক্তিত্ব হিসেবে বিবেচনা করা হয়।

‘কানতারা’ সিরিজের অভাবনীয় সাফল্য

২০২২ সালের ৩০ সেপ্টেম্বর মুক্তি পায় ঋষভ শেঠি নির্মিত কন্নড় ভাষার আলোচিত সিনেমা 'কানতারা'। মাত্র ১৬ কোটি রুপি বাজেটে নির্মিত ছবিটি বিশ্বব্যাপী ৪০০ কোটি রুপির বেশি আয় করে বক্স অফিসে ঝড় তোলে। বাণিজ্যিক সাফল্যের পাশাপাশি সিনেমাটি দর্শক ও সমালোচকদের ভূয়সী প্রশংসা লাভ করে।

এই সাফল্যের ধারাবাহিকতায় নির্মিত হয় সিনেমাটির প্রিকুয়েল ‘কানতারা : লিজেন্ড—চ্যাপ্টার ওয়ান’। চলতি বছরের ২ অক্টোবর মুক্তিপ্রাপ্ত ছবিটিও নতুন ইতিহাস গড়ে। দর্শক-সমালোচকদের ব্যাপক প্রশংসার পাশাপাশি সিনেমাটি বক্স অফিসে ৮৫২ কোটি রুপিরও বেশি আয় করে।

প্যান-ইন্ডিয়া তারকা হিসেবে উত্থান

‘কানতারা : লিজেন্ড—চ্যাপ্টার ওয়ান’-এর ঐতিহাসিক সাফল্যের পর ঋষভ শেঠি নিজেকে প্যান-ইন্ডিয়া ফেনোমেনন হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। স্থানীয় সংস্কৃতি ও লোকজ শিকড়ে প্রোথিত গল্প বলার ভিন্নধর্মী ভঙ্গিকে নতুনভাবে সংজ্ঞায়িত করে তিনি বর্তমান প্রজন্মের অন্যতম বড় অভিনেতা-লেখক-পরিচালক ও সুপারস্টারে পরিণত হয়েছেন। এর ফলে বিশ্বব্যাপী তাঁর জনপ্রিয়তা নতুন উচ্চতায় পৌঁছেছে।

অভিনেতা হিসেবে নতুন বছরের পরিকল্পনা

চলতি বছরটি ঋষভ শেঠির ক্যারিয়ারের অন্যতম সেরা সময় ছিল। তিনি এবার নতুন বছরের পরিকল্পনার কথা জানিয়েছেন। ঋষভ শেঠি বলেন, 'আগামী বছরে কাজের ক্ষেত্রে কিছুটা পরিবর্তন আনব। আমি শুটিং করব, তবে এবার একজন অভিনেতা হিসেবে। আপাতত কোনো সিনেমা পরিচালনার পরিকল্পনা নেই।'

তিনি জানান, তাঁর পরবর্তী সিনেমা 'জয় হনুমান', যা পরিচালনা করবেন প্রশান্ত ভার্মা। তবে এখানেই শেষ নয়, নতুন বছরে আসছে আরও বড় চমক। ঋষভ শেঠি বলেন, 'আগামী বছর আমি আমার নতুন প্রজেক্টের লেখালেখি শুরু করব এবং প্রি-প্রোডাকশনের কাজ এগিয়ে নেব। আমার ভক্তদের জন্য বিশেষ কিছু পরিকল্পনা করেছি। ২০২৬ সালে বড় একটি ঘোষণা দেব।'

Tags: bollywood indian cinema kantara rishab shetty kantara: legend - chapter 1 prashant varma jai hanuman