শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে 'মঞ্চ-৭১' আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সংগঠনের আহ্বায়ক ফাহিম ফারুকী বলেন, “জুলাইয়ের রক্তের ওপর দাঁড়িয়ে জাতীয় পার্টিকে রাজনীতিতে পুনর্বাসনের কোনো সুযোগ দেওয়া যাবে না।” জাতীয় পার্টির ২২৪টি আসনে মনোনয়নপত্র বাতিল না করা হলে ৭২ ঘণ্টার মধ্যে নির্বাচন কমিশন ঘেরাওয়ের মতো কঠোর কর্মসূচির ঘোষণা দেন তিনি।
জাপার রাজনৈতিক কার্যক্রম বন্ধ না করায় নিন্দা
ফাহিম ফারুকী তার বক্তব্যে আরও উল্লেখ করেন যে, অন্তর্বর্তী সরকার ক্ষমতাসীন আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করলেও এখন পর্যন্ত জাতীয় পার্টির রাজনৈতিক কার্যক্রম বন্ধ করা হয়নি। তিনি এই বিষয়ে তীব্র নিন্দা জানান।
‘ইনকিলাব মঞ্চ’-এর ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি
এদিকে, শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে ‘ইনকিলাব মঞ্চ’ নামের আরেকটি সংগঠন 'মার্চ ফর ইনসাফ' কর্মসূচি ঘোষণা করেছে। এ কর্মসূচিটি শনিবার (৩ জানুয়ারি) পালিত হবে।
শুক্রবার বাদ জুমা বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগে অবস্থান কর্মসূচিতে এই ঘোষণা দেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের। তিনি আরও জানান, আগামী ২ দিন বাংলাদেশপন্থি সব রাজনৈতিক দলের সঙ্গে হাদি হত্যার বিচারসহ মোট ৪টি দাবি নিয়ে আলোচনা করা হবে।
৭ জানুয়ারির মধ্যে চার্জশিট দাখিলের আলটিমেটাম
ইনকিলাব মঞ্চ তাদের দাবিতে আরও কঠোর অবস্থান নিয়ে জানায়, আগামী ৭ জানুয়ারির মধ্যে হাদি হত্যার বিচারের চার্জশিট দাখিলের সময়সীমা বেঁধে আলটিমেটাম দেওয়া হলো। এই নির্ধারিত তারিখের মধ্যে দাবি পূরণ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন সংগঠনটির নেতারা।