• ক্যাম্পাস
  • চবি 'ডি' ইউনিটের ভর্তি পরীক্ষায় ৯১.৯৯% উপস্থিতি, পরীক্ষার্থী বাবার মৃত্যু

চবি 'ডি' ইউনিটের ভর্তি পরীক্ষায় ৯১.৯৯% উপস্থিতি, পরীক্ষার্থী বাবার মৃত্যু

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 'ডি' ইউনিটের ভর্তি পরীক্ষা চলাকালীন অসুস্থতা ও এক অভিভাবকের মৃত্যুর ঘটনা ঘটে। তবে উপস্থিতি ছিল আশানুরূপ, ৯১.৯৯ শতাংশ।

ক্যাম্পাস ১ মিনিট পড়া
চবি 'ডি' ইউনিটের ভর্তি পরীক্ষায় ৯১.৯৯% উপস্থিতি, পরীক্ষার্থী বাবার মৃত্যু

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের 'ডি' ইউনিটের ভর্তি পরীক্ষা চলাকালীন মর্মান্তিক ঘটনা ঘটেছে। শনিবার (৩ জানুয়ারি) অনুষ্ঠিত এ পরীক্ষায় অংশ নিতে এসে অসুস্থ হয়ে পড়েন দুই শিক্ষার্থী, পরে মেডিকেল সেন্টারে বসে পরীক্ষা দেন তারা। অন্যদিকে, পরীক্ষার্থী মেয়েকে কেন্দ্রে পৌঁছে দিতে আসা এক অভিভাবক হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে (হার্ট অ্যাটাকে) মারা যান। তবে ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী— এই তিনটি কেন্দ্রে ভর্তি পরীক্ষায় মোট ৯১.৯৯ শতাংশ পরীক্ষার্থী উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের 'ডি' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে শনিবার (৩ জানুয়ারি)। পরীক্ষা চলাকালীন সময়ে অসুস্থ হয়ে পড়েন দুইজন শিক্ষার্থী। তাৎক্ষণিক তাদের বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে চিকিৎসা দেওয়া হয় এবং সেখানেই তাদের পরীক্ষার ব্যবস্থা করা হয়।

অসুস্থ দুই পরীক্ষার্থী ও চিকিৎসা

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, চট্টগ্রাম মহিলা কলেজের শিক্ষার্থী কোহিনূর আক্তার জীববিজ্ঞান অনুষদ ভবনে এবং রামগতি আহমদিয়া ডিগ্রি কলেজের শিক্ষার্থী সাদিয়া আক্তার নতুন কলা ভবনে পরীক্ষা দেওয়ার সময় অসুস্থ হয়ে পড়েন। তাদের দ্রুত বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নেওয়া হয়। আইন বিভাগের অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন ও অধ্যাপক ড. মঈনুদ্দিন তাদের পরীক্ষার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন।

বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের সিনিয়র মেডিকেল অফিসার ডা. সাঈদা আক্তার শাহনাজ জানান, "খাবার না খাওয়া এবং রাতে পর্যাপ্ত ঘুমের অভাবে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়েছে। তারা বেশি পরিমাণ বমি করেছে। তাদের বমি প্রতিরোধক ওষুধ দেওয়া হয়েছে"।

পরীক্ষার্থী বাবার আকস্মিক মৃত্যু

অন্যদিকে, ভর্তি পরীক্ষার্থী মেয়েকে নতুন কলা অনুষদ ভবনে পৌঁছে দিতে আসা মো. ইব্রাহীম খলিল (৬০) হঠাৎ বুকে ব্যথা নিয়ে অসুস্থ হয়ে পড়েন। পরে তিনি বিশ্ববিদ্যালয়ের শহীদ আবদুর রব হলের শিক্ষার্থীদের একটি কক্ষে গিয়ে শুয়ে পড়েন। এ সময় তার মুখ দিয়ে ফেনা উঠতে শুরু করলে দ্রুত চট্টগ্রাম মেডিকেল সেন্টারে খবর দেওয়া হয়। চিকিৎসকের প্রাথমিক ধারণা, তিনি হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছেন। দ্রুত অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানো হলেও সেখানে নেওয়ার আগেই তার মৃত্যু নিশ্চিত করেন দায়িত্বরত চিকিৎসক।

বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রের ভারপ্রাপ্ত প্রধান চিকিৎসা কর্মকর্তা আবু তৈয়ব নিশ্চিত করেন, মো. ইব্রাহীম খলিল হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছিলেন। ইব্রাহীম খলিল নগরীর জিইসি মোড় এলাকার সিটি টাওয়ারে ভাড়া বাসায় থাকতেন এবং তার পৈতৃক নিবাস ছিল কুমিল্লায়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক হোসেন শহীদ সরওয়ার্দী জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই অ্যাম্বুলেন্সে তাকে মেডিকেলে পাঠানোর ব্যবস্থা করা হয়। তবে পরীক্ষার্থী হিসেবে তার মেয়েকে কোনো বিশেষ সুবিধা দেওয়া হবে না।

ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার

চবি ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার সমন্বয়কারী অধ্যাপক মোহাম্মদ এনায়েত উল্যা পাটওয়ারী জানান, ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এই ভর্তি পরীক্ষা ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী তিনটি কেন্দ্রে অনুষ্ঠিত হয়। মোট ৫১ হাজার ৫০৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৭ হাজার ৩৬২ জন অংশ নিয়েছেন। সেই হিসেবে উপস্থিতির হার ছিল ৯১.৯৯ শতাংশ।

Tags: higher education bangladesh education chittagong university cu admission test d unit chattogram news