টিজার ঘিরে বিতর্ক ও অভিযোগ
'কেজিএফ' ফ্র্যাঞ্চাইজির ঐতিহাসিক সাফল্যের পর অভিনেতা যশ অভিনীত নতুন সিনেমা 'টক্সিক' নিয়ে ভক্তদের মধ্যে ব্যাপক প্রত্যাশা ছিল। গত ৮ জানুয়ারি যশের ৪০তম জন্মদিন উপলক্ষে সিনেমাটির টিজার প্রকাশ করা হয়। গীতু মোহানদাস পরিচালিত এই টিজার দ্রুত ভাইরাল হলেও, এর একটি দৃশ্য ঘিরেই বিতর্কের সূত্রপাত। টিজারে যশের সঙ্গে গাড়ির ভেতরে এক নারীকে সংক্ষিপ্ত সময়ের জন্য দেখা যায়। অভিযোগকারী আম আদমি পার্টির মহিলা শাখার মতে, অন্ধকার ও রহস্যময় আবহে চিত্রায়িত এই দৃশ্যটি সামাজিক নৈতিকতা ও কন্নড় সংস্কৃতির মূল্যবোধকে আঘাত করেছে।
কর্ণাটক রাজ্য মহিলা কমিশনে অভিযোগ
আম আদমি পার্টির মহিলা শাখা কর্ণাটক রাজ্য মহিলা কমিশনে আনুষ্ঠানিকভাবে এই দৃশ্যের বিরুদ্ধে অভিযোগ জমা দিয়েছে। তাদের দাবি, কোনো ধরনের সেন্সর সতর্কতা বা বয়সভিত্তিক বিধিনিষেধ ছাড়াই টিজারটি জনসমক্ষে প্রচার করা হয়েছে, যা নারী ও শিশুদের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।
এএপি’র রাজ্য সম্পাদক উষা মোহন ভারতীয় গণমাধ্যমকে বলেন, 'সামাজিক নৈতিকতা রক্ষা এবং সমাজের দুর্বল অংশের সুরক্ষার স্বার্থে এ ধরনের কনটেন্ট অবিলম্বে প্রত্যাহার করা প্রয়োজন। আমরা রাজ্য সরকার ও পুলিশকে অনুরোধ করছি, যেন দ্রুত এ টিজারটি সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সরিয়ে দেওয়া হয়।'
আইনি পদক্ষেপ ও ভক্তদের উদ্বেগ
প্রতিবেদন অনুসারে, নির্ধারিত নিয়ম অনুযায়ী পুরো বিষয়টি খতিয়ে দেখে দ্রুতই পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে। এই বিতর্ক যদিও সিনেমার প্রচারণায় বাড়তি নজর কাড়ছে, তবে সিনেমাটির মুক্তি নিয়ে কোনো জটিলতা তৈরি হবে কি না, তা নিয়ে উদ্বিগ্ন যশের ভক্তরা।
'টক্সিক' সিনেমার কাস্টিং
গীথু মোহন দাসের পরিচালনায় নির্মিত এই ছবির কাস্টিং নিয়েও আলোচনায় রয়েছেন নেটিজেনরা। এই ছবিতে যশের বিপরীতে অভিনয় করছেন দক্ষিণী লেডি সুপারস্টার নয়নতারা। এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে কিয়ারা আদভানি, রুক্মিণী বসন্ত, হুমা কুরেশি ও তারা সুতারিয়াসহ আরও অনেক তারকাকে।