গুঞ্জনের পর ম্রুণালের রহস্যময় পোস্ট বিয়ের গুঞ্জন শুরু হওয়ার পর নীরবতা ভেঙে অভিনেত্রী ম্রুণাল ঠাকুর তার ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন। ভিডিওটিতে দেখা যায়, একটি নৌকার ওপর দাঁড়িয়ে তিনি প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছেন। পোস্টের ক্যাপশনে ম্রুণাল লেখেন, 'স্থির, উজ্জ্বল ও অটল' (Static, Bright and Stable)। এই ক্যাপশনটি ঘিরে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে নানা জল্পনা। অনেকের ধারণা, চলমান গুঞ্জন ও আলোচনার মধ্যেও নিজের অবস্থানে অবিচল থাকার বার্তাই দিয়েছেন এই অভিনেত্রী।
ঘনিষ্ঠ সূত্রের দাবি ও ধানুশের প্রতিক্রিয়া তবে অভিনেত্রীর ঘনিষ্ঠ একটি সূত্র ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছে, ধানুশের সঙ্গে ম্রুণালের বিয়ের খবর সম্পূর্ণ ভিত্তিহীন। সূত্রের দাবি অনুযায়ী, আগামী মাসে তাদের বিয়ের কোনো পরিকল্পনাই নেই। এর কারণ হিসেবে বলা হয়েছে, ফেব্রুয়ারিতে ম্রুণালের একটি বড় বাজেটের সিনেমা মুক্তি পাওয়ার অপেক্ষায় রয়েছে, পাশাপাশি মার্চ মাসে তার আরও একটি তেলুগু চলচ্চিত্র মুক্তি পাবে। বর্তমানে ম্রুণাল অভিনেতা সিদ্ধার্থ চতুর্বেদীর সঙ্গে ‘দো দিওয়ানে শেহের মে’ সিনেমার কাজ ও প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। ঘনিষ্ঠদের মতে, পেশাগত জীবনের এমন গুরুত্বপূর্ণ পর্যায়ে বিয়ের মতো বড় সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই। অন্যদিকে, অভিনেতা ধানুশও সংবাদমাধ্যমে এই বিয়ের গুঞ্জনকে ‘ভুয়া’ ও ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ বলে দাবি করেছেন।
গুঞ্জনের শুরু যেভাবে ২০২৫ সালের আগস্টে ম্রুণাল ঠাকুরের সিনেমা ‘সন অব সরদার ২’-এর একটি অনুষ্ঠানে ধানুশকে উষ্ণ অভ্যর্থনা জানানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছিল। সেই সময় থেকেই এই দুই তারকার মধ্যে সম্পর্কের গুঞ্জন শুরু হয়, যা সম্প্রতি তাদের বিয়ের জল্পনায় রূপ নেয়।