লিখিত পরীক্ষার বিস্তারিত
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্ব খাতভুক্ত ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’-এর জন্য জারি করা বিজ্ঞাপনের ভিত্তিতে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। পার্বত্য তিন জেলা ব্যতীত দেশের মোট ৬১টি জেলায় গত ৯ জানুয়ারি একযোগে লিখিত পরীক্ষা গ্রহণ করা হয়েছিল। সেই লিখিত পরীক্ষার ফলের ভিত্তিতেই ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য সাময়িকভাবে নির্বাচিত করা হয়েছে।
যেসব শর্তে প্রার্থীরা নির্বাচিত
নির্বাচিত প্রার্থীদের জন্য অধিদপ্তর কর্তৃক ছয়টি গুরুত্বপূর্ণ শর্ত আরোপ করা হয়েছে। এই শর্তগুলো নিম্নরূপ:
১. এই ফলাফলকে কেবল সাময়িক ফলাফল (Temporary Result) হিসেবে গণ্য করা হবে। এই ফলাফলের ভিত্তিতে নির্বাচিত প্রার্থীরা শুধু মৌখিক পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন। এটি ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’-এর কোনো শূন্য পদে নিয়োগের জন্য কোনো প্রকার নিশ্চয়তা বহন করে না।
২. প্রকাশিত ফলাফলের যেকোনো পর্যায়ে যদি কোনো ভুল-ভ্রান্তি, ত্রুটি-বিচ্যুতি অথবা মুদ্রণজনিত ত্রুটি পরিলক্ষিত হয়, তবে কর্তৃপক্ষ তা সংশোধন করার বা প্রয়োজনবোধে সংশ্লিষ্ট ফলাফল বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে।
৩. কোনো প্রার্থী যদি ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য দিয়ে থাকেন কিংবা কোনো তথ্য গোপন করেছেন বলে প্রমাণিত হয়, তবে কর্তৃপক্ষ তার ফলাফল বা নির্বাচন বাতিল করতে পারবে।
৪. প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০২৫’ অনুসরণ করে নিয়োগের জন্য চূড়ান্তভাবে প্রার্থী নির্বাচন করা হবে।
৫. মৌখিক পরীক্ষার স্থান, তারিখ ও সময় সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসের ওয়েবসাইট ও নোটিশ বোর্ডে পরবর্তীতে প্রকাশ করা হবে।
৬. মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের রোল নম্বর ক্রমানুসারে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের (https://mopme.gov.bd) এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট (https://dpe.gov.bd)-এ পাওয়া যাবে।