আইসিসির সিদ্ধান্তের পরও অনড় বিসিবি মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনার পর বাংলাদেশের নিরাপত্তা উদ্বেগের কথা জানিয়ে বিসিবি আইসিসির কাছে আবেদন করেছিল। তাদের অনুরোধ ছিল, টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলো ভারতের বদলে শ্রীলঙ্কায় আয়োজন করা হোক। কিন্তু একাধিক দফা আলোচনার পরও আইসিসি সেই আবেদন গ্রহণ করেনি।
সবশেষ বুধবার (২১ জানুয়ারি) অনুষ্ঠিত আইসিসি'র বোর্ড সভায় ভোটাভুটির মাধ্যমে জানিয়ে দেওয়া হয়—টুর্নামেন্টের সূচি ও ভেন্যুতে কোনো পরিবর্তন আসছে না। অর্থাৎ, বিশ্বকাপে খেলতে হলে বাংলাদেশকে ভারতেই খেলতে হবে।
বুলবুলের কণ্ঠে ভিন্ন সুর আইসিসির এমন স্পষ্ট সিদ্ধান্তের পরও বিসিবির অবস্থানে পরিবর্তন আসেনি। ভারতে না খেলার সিদ্ধান্তে এখনো অনড় রয়েছে বোর্ড। এই জটিল সমীকরণের মাঝেই বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের কণ্ঠে শোনা যাচ্ছে ভিন্ন সুর। তিনি মনে করেন—পরিস্থিতি যত কঠিনই হোক না কেন, শেষ মুহূর্তে অপ্রত্যাশিত কোনো সমাধান বেরিয়ে আসতে পারে, সেই আশাই তিনি ধরে রাখতে চান।
সংকুচিত হচ্ছে বিকল্পের পরিসর বিশ্বকাপের সময় যত ঘনিয়ে আসছে, ততই সংকুচিত হচ্ছে বিকল্পের পরিসর। আইসিসির ভোটাভুটির পর বাংলাদেশের সামনে কার্যত একটি পথই খোলা—হয় ভারতে খেলতে যাওয়া, নয়তো বিশ্বকাপ থেকে নিজেদের প্রত্যাহার করে নেওয়া। এখন দেখার বিষয়, এই 'মিরাকল' আদৌ আসে কি না, নাকি বাস্তবতাই শেষ পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে দাঁড়ায়।