প্লেব্যাক থেকে অবসরের ঘোষণা
মঙ্গলবার (২৭ জানুয়ারি) অরিজিৎ সিং তার নিজস্ব ইনস্টাগ্রাম ও ফেসবুক অ্যাকাউন্টে এই খবর জানিয়েছেন। প্লেব্যাক সিঙ্গার হিসেবে তার দীর্ঘ যাত্রাপথে ইতি টানার ঘোষণা দিয়েছেন তিনি। ভারতীয় সংগীত জগতে অসংখ্য জনপ্রিয় গান উপহার দেওয়া এই শিল্পীর এমন আকস্মিক ঘোষণায় ভক্ত-অনুরাগীরা হতচকিত হয়ে পড়েছেন।
পোস্টে কী লিখলেন অরিজিৎ?
নিজের পোস্টে শ্রোতাদের এত বছর ধরে ভালোবাসা দেওয়ার জন্য অরিজিৎ ধন্যবাদ জ্ঞাপন করেছেন। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে তিনি নতুন এক সফর শুরুর কথা বলেছেন। তিনি লিখেছেন, 'আমি ঘোষণা করছি, এখন থেকে আমি প্লেব্যাক সিঙ্গার হিসেবে কোনো নতুন দায়িত্ব নেব না। প্লেব্যাক সিঙ্গারের কাজ করব না। এই সফর অসাধারণ ছিল।'
সংগীত তৈরি করা বন্ধ করবেন না গায়ক
প্লেব্যাক থেকে সরে দাঁড়ালেও গান তৈরি করা বন্ধ করবেন না বলেই স্পষ্ট করেছেন অরিজিৎ সিং। তিনি জানিয়েছেন, 'স্পষ্ট করে বলতে চাই, যে আমি সঙ্গীত তৈরি করা বন্ধ করব না।' ভবিষ্যতে একজন 'ছোট শিল্পী' হিসেবে আরও শিখতে এবং নিজে আরও কাজ করতে চান তিনি। পাশাপাশি, কিছু পুরোনো প্রতিশ্রুতি দেওয়া আছে, সেগুলি শেষ করার কথাও জানিয়েছেন তিনি।
অনুরাগীদের তীব্র প্রতিক্রিয়া
অরিজিতের এই ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনুরাগীদের প্রতিক্রিয়া তীব্রভাবে চলছে। অনেকেই এই সিদ্ধান্তে হতবাক। প্রশ্ন উঠেছে—এ কি সত্যিই প্লেব্যাক থেকে অবসর, নাকি নতুন কোনো অধ্যায়ের কেবল শুরু? পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের জিয়াগঞ্জ থেকে সংগীতযাত্রা শুরু করা এই শিল্পী মাত্র ৩৮ বছর বয়সেই বিশ্বজুড়ে খ্যাতি লাভ করেছেন।