ফেব্রুয়ারির আবহাওয়া পরিস্থিতি আবহাওয়া অধিদপ্তর রোববার (১ ফেব্রুয়ারি) প্রকাশিত তাদের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে জানিয়েছে, কনকনে শীতের তীব্রতা কিছুটা কমলেও এখনও দেশের বিভিন্ন এলাকায় শেষরাত থেকে সকাল পর্যন্ত কুয়াশা বিরাজ করছে। বর্তমানে সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকলেও ফেব্রুয়ারির প্রথমার্ধে তা কমে ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে। এই সময় একটি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
কুয়াশা ও বৃষ্টিপাতের সম্ভাবনা শৈত্যপ্রবাহ চলাকালীন দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। অন্যান্য এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও, মাসের শেষের দিকে অন্তত দুই দিন দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টি কিংবা শিলাবৃষ্টির পূর্বাভাস দিয়েছে অধিদপ্তর।
তাপমাত্রা ও বায়ুপ্রবাহ দীর্ঘমেয়াদি পূর্বাভাসে আরও বলা হয়েছে যে, ফেব্রুয়ারি জুড়ে দিন ও রাতের তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে এবং তা স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি থাকতে পারে। তবে সার্বিকভাবে চলতি মাসে দেশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। দেশের প্রধান নদীগুলোতে স্বাভাবিক পানি প্রবাহ বজায় থাকতে পারে বলে জানানো হয়েছে।
দৈনিক গড় ও ঘূর্ণিঝড় সতর্কতা আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ফেব্রুয়ারি মাসে দেশে দৈনিক গড় বাষ্পীভবন ২ থেকে ৪ মিলিমিটার এবং গড় সূর্যকিরণকাল ৬ থেকে ৮ ঘণ্টা থাকতে পারে। স্বস্তির বিষয় হলো, এই মাসে বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ বা ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা নেই ।