গণসংযোগে প্রার্থীর বক্তব্য রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা-১২ আসনে নির্বাচনী গণসংযোগকালে সাইফুল হক এসব কথা বলেন। ফার্মগেটের সরকারি বিজ্ঞান কলেজের সামনে থেকে তিনি গণসংযোগ শুরু করে তেজতুরি বাজার হয়ে কারওয়ান বাজার এসে দুটি নির্বাচনী কেন্দ্র উদ্বোধন করেন। আসরের নামাজের পর তেজকুনিপাড়া ও মনিপুরী পাড়া এলাকায়ও তাঁর গণসংযোগ কর্মসূচি অব্যাহত থাকে।
রাজনীতি ব্যবসা নয়, ইবাদত গণসংযোগে সাইফুল হক বলেন, রাজনীতি তাঁর জন্য কোনো ব্যবসা নয়, এটি তাঁর কাছে ইবাদতের মতো। জনগণের কল্যাণ ছাড়া তাঁর কোনো ব্যক্তিগত স্বার্থ নেই। তিনি আরও বলেন, গত ১৭ বছর ধরে আন্দোলন করে দুই হাজার মানুষের রক্তের বিনিময়ে ভোটের অধিকার অর্জন করা সম্ভব হয়েছে। তাই এবার সচেতনভাবে দেখে, শুনে কোদাল মার্কায় ভোট দিতে হবে। কোথাও কোথাও কালো টাকা ছড়ানো হবে বলে তিনি যে খবর পাচ্ছেন, সে বিষয়েও ভোটারদের সতর্ক করেন।
মৌলিক সুবিধা ও নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার সাইফুল হক অভিযোগ করেন যে, ঢাকা-১২ আসনের সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে মৌলিক নাগরিক সুবিধা থেকে বঞ্চিত এবং অবহেলার শিকার। এই এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদকের দৌরাত্ম্য ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। ক্ষমতায় গেলে এসব অপশক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি নারীদের নিরাপত্তা নিশ্চিত করা তাঁর অন্যতম অগ্রাধিকার বলেও জানান।
গণতান্ত্রিক ধারা প্রতিষ্ঠার লড়াই আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে শুধু ভোটের লড়াই নয়, বরং গণতান্ত্রিক রাজনৈতিক ধারা প্রতিষ্ঠার লড়াই হিসেবে আখ্যা দেন এই প্রার্থী। তিনি বলেন, এটি সন্ত্রাসের বিরুদ্ধে জনগণের অবস্থান জানান দেওয়ার নির্বাচন। তিনি আরও বলেন, যারা ক্ষমতায় যাওয়ার আগেই হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করছে, তাদের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ প্রতিবাদ গড়ে তুলতে হবে। তিনি ঢাকা-১২ আসনে জমে থাকা আবর্জনা পরিষ্কারে কোদাল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।