• বিনোদন
  • চেক বাউন্স মামলা: দিল্লি হাইকোর্টের নির্দেশে আত্মসমর্পণ করলেন অভিনেতা রাজপাল যাদব

চেক বাউন্স মামলা: দিল্লি হাইকোর্টের নির্দেশে আত্মসমর্পণ করলেন অভিনেতা রাজপাল যাদব

প্রায় ৯ কোটি টাকার ঋণ সংক্রান্ত চেক বাউন্স মামলায় একাধিক সুযোগ পেয়েও প্রতিশ্রুতি রক্ষা করতে পারেননি অভিনেতা।

বিনোদন ১ মিনিট পড়া
চেক বাউন্স মামলা: দিল্লি হাইকোর্টের নির্দেশে আত্মসমর্পণ করলেন অভিনেতা রাজপাল যাদব

বলিউডের জনপ্রিয় কৌতুক অভিনেতা রাজপাল যাদব বড়সড় আইনি জটিলতায় পড়েছেন। চেক বাউন্স সংক্রান্ত একটি পুরনো মামলায় দিল্লি হাইকোর্টের চূড়ান্ত নির্দেশে অবশেষে তাকে আত্মসমর্পণ করতে হয়েছে। এর আগে, ৪ ফেব্রুয়ারি আদালত আত্মসমর্পণের নির্দেশ দিলেও অভিনেতা পুনরায় আইনি লড়াইয়ের চেষ্টা করেন, যা শেষ পর্যন্ত ব্যর্থ হয়। তার বিরুদ্ধে প্রায় ৯ কোটি টাকার ঋণ বকেয়া রয়েছে, যা নিয়ে মামলাটি কয়েক বছর ধরে চলছে।

দিল্লি হাইকোর্টে আবেদন নাকচ আত্মসমর্পণের নির্দেশ পাওয়ার পর অভিনেতা রাজপাল যাদব আবারও আদালতের শরণাপন্ন হন। তিনি প্রস্তাব দেন যে, তাৎক্ষণিকভাবে তিনি ২৫ লাখ টাকা পরিশোধ করবেন এবং অবশিষ্ট অর্থ পরে শোধ করবেন। কিন্তু দিল্লি হাইকোর্ট তার এই প্রস্তাব গ্রহণ করেনি। আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, এর আগেও রাজপালকে একাধিকবার অর্থ পরিশোধের সময় ও সুযোগ দেওয়া হয়েছিল, কিন্তু তিনি সেই প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হয়েছেন।

আদালতের কঠোর অবস্থান আদালত উল্লেখ করেছে যে, বারবার নির্দেশ দেওয়া সত্ত্বেও নির্দিষ্ট সময়ের মধ্যে অভিনেতা অর্থ পরিশোধ করতে পারেননি। তাই এই মামলায় তাকে দ্রুত আত্মসমর্পণ করতেই হবে। তবে, আত্মসমর্পণের পর নতুন করে বকেয়া পরিশোধের কোনো ব্যবস্থা করা সম্ভব কি না, তা পর্যালোচনা করা হবে বলে আদালত জানিয়েছে।

বকেয়ার পরিমাণ জানা গেছে, মোট ৭টি আলাদা অভিযোগে রাজপাল যাদবের প্রায় ৯ কোটি টাকা বকেয়া ছিল। তিনি এর মধ্যে কিছু অর্থ জমা দিলেও পুরোটা পরিশোধ করতে পারেননি। আদালতের এই কঠোর সিদ্ধান্ত আর্থিক লেনদেনের বিষয়ে অভিনেতার জন্য একটি বড় ধাক্কা হিসেবে বিবেচিত হচ্ছে। এর আগে তিনি কিছুদিন জামিনে মুক্ত ছিলেন এবং তখন নির্ধারিত সময়ের মধ্যে সব বকেয়া অর্থ পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু চূড়ান্ত রায়ে প্রমাণিত হয়েছে যে তিনি তার কথা রাখতে পারেননি।

Tags: bollywood india delhi high court legal trouble rajpal yadav check bounce case