মাঝরাতে কলেজে কী করেছিলেন দুই তারকা?
কলেজের অধ্যক্ষ অজয় অধিকারীর অভিযোগ অনুসারে, গত ৪ ফেব্রুয়ারি রাত ১টার দিকে প্রায় ১০টি বাইক নিয়ে দলবলসহ অরিজিৎ সিং এবং আমির খান জিয়াগঞ্জের 'রানি ধন্য কুমারী কলেজ'-এ প্রবেশ করেন। সেখানে তারা প্রায় ১ ঘণ্টা ২০ মিনিট অবস্থান করেন। অভিযোগ, ইনডোর গেমস হলের সামনে বাইক রেখে তারা ব্যাডমিন্টন খেলেন এবং শুটিংও করেন। সিসিটিভি ফুটেজে পুরো দৃশ্যটি ধরা পড়ে বলে দাবি করা হয়।
অধ্যক্ষের ক্ষোভ ও প্রশ্ন
এই ঘটনার পর কলেজের অধ্যক্ষ অজয় অধিকারী তার ফেসবুকে সিসিটিভি ফুটেজ শেয়ার করে একাধিক প্রশ্ন তোলেন। তিনি লেখেন, “এত রাতে কলেজের অনুমতি ছাড়া এরা সামাজিক কাজে আসেননি, বাণিজ্যিক উদ্দেশ্যেই এসেছিলেন। নাইট গার্ডকে প্রভাবিত করে কলেজ চত্বর ব্যবহার করেছেন। বিখ্যাত মানুষ বলেই কি তারা সব করতে পারেন?” এই পোস্টের মাধ্যমে তিনি তারকাদের এমন আচরণ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন।
পোস্ট ডিলিট ও ‘অজ্ঞাত’ চাপ
তবে এই বিস্ফোরক পোস্ট করার কিছুক্ষণ পরেই অধ্যক্ষ অজয় অধিকারী রহস্যজনক কারণে ভিডিও ও স্ট্যাটাসটি ডিলিট করে দিতে বাধ্য হন। পোস্ট মুছে দেওয়ার পর তিনি শুধু জানান, 'পোস্টটি ডিলিট করতে বাধ্য হলাম'। সরকারি প্রতিষ্ঠানে তারকাদের এমন 'বেআইনি' অনুপ্রবেশ এবং পরবর্তীতে অধ্যক্ষের পোস্ট মুছে ফেলার ঘটনা স্থানীয় ও নেটপাড়ায় তুমুল সমালোচনার জন্ম দিয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, তারকারা কি তবে আইনের ঊর্ধ্বে?
তীব্র সমালোচনা ও আইনি প্রশ্ন
দেশের নামকরা দুই তারকার বিরুদ্ধে রাতের অন্ধকারে একটি সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে অনুমতি ছাড়া প্রবেশের অভিযোগ ওঠার পর সমাজের বিভিন্ন স্তরে বিতর্ক শুরু হয়েছে। সোশ্যাল মিডিয়ায় অনেকেই অধ্যক্ষের পক্ষে দাঁড়িয়েছেন এবং এই ঘটনার আইনি দিক নিয়ে প্রশ্ন তুলেছেন। কলেজ চত্বর ব্যবহারের জন্য কর্তৃপক্ষের অনুমতি নেওয়া বাধ্যতামূলক হওয়া সত্ত্বেও, তারকারা কীভাবে এই নিয়ম লঙ্ঘন করলেন—তা নিয়ে এখনও স্পষ্ট কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।