চট্টগ্রামের হাটহাজারীতে দীর্ঘ এক দশক আগের নাশকতার মামলায় সাবেক ছাত্রশিবির নেতা সালাউদ্দীন আইয়ূবীকে (৪৫) গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) একটি যৌথ দল বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার গুমানমর্দ্দন ইউনিয়নে অভিযান চালিয়ে তাকে আটক করে।
গ্রেপ্তারের বিবরণ ও পরিচয় গ্রেপ্তারকৃত সালাউদ্দীন আইয়ূবী হাটহাজারী উপজেলার গুমানমর্দ্দন ইউনিয়নের সাদেক নগর গ্রামের মো. জানে আলমের ছেলে। তিনি এক সময় হাটহাজারী উত্তর থানা শাখা ছাত্রশিবিরের সভাপতির দায়িত্ব পালন করেছিলেন। স্থানীয় সূত্র জানিয়েছে, তিনি দীর্ঘ সময় প্রবাসে থাকার পর সম্প্রতি দেশে ফেরেন।
মামলার প্রেক্ষাপট পুলিশ জানায়, ২০১৩ সালে আওয়ামী লীগ সরকারের আমলে হাটহাজারী থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি নাশকতার মামলা দায়ের করা হয়েছিল। ওই মামলায় সালাউদ্দীন অন্যতম অভিযুক্ত ছিলেন। দীর্ঘ সময় আত্মগোপনে থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন।
পুলিশের বক্তব্য হাটহাজারী থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ নাজমুল হাসান জানান, আদালতের জারি করা পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে শুক্রবার তাকে আদালতে পাঠানো হয়। হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।