পবিত্র ঈদুল ফিতর উদযাপন শেষে যারা ঢাকায় ফিরবেন, তাদের সুবিধার্থে বাংলাদেশ রেলওয়ে অগ্রিম টিকিট বিক্রি কার্যক্রম অব্যাহত রেখেছে। বুধবার সকাল থেকেই শুরু হয়েছে টিকিট বিক্রির কর্মযজ্ঞ।
টিকিট বিক্রির সময়সূচি রেলওয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিদিন দুই শিফটে টিকিট বিক্রি করা হচ্ছে। আজ সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। অন্যদিকে, পূর্বাঞ্চলের ট্রেনগুলোর টিকিট দুপুর ২টা থেকে অনলাইনে পাওয়া যাবে। যাত্রীরা রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইট ও মোবাইল অ্যাপের মাধ্যমে টিকিট সংগ্রহ করতে পারছেন।
যাত্রীদের জন্য বিশেষ নির্দেশনা রেলভবনে অনুষ্ঠিত এক সমন্বয় সভায় জানানো হয়েছে, এক জন যাত্রী সর্বোচ্চ চারটি টিকিট সংগ্রহ করতে পারবেন। তবে ঈদযাত্রার এই অগ্রিম টিকিট কোনোভাবেই ফেরত বা রিফান্ড করা যাবে না। ঈদযাত্রাকে নির্বিঘ্ন করতে এবার কোনো কাউন্টার থেকে অগ্রিম টিকিট দেওয়া হচ্ছে না।
স্ট্যান্ডিং টিকিটের ব্যবস্থা যাদের কনফার্ম টিকিট নেই, তাদের জন্য যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে নন-এসি কোচের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট (আসনবিহীন) সংগ্রহের সুযোগ রাখা হয়েছে। এতে সাধারণ যাত্রীদের যাতায়াতে কিছুটা স্বস্তি মিলবে বলে আশা করছে কর্তৃপক্ষ।
পরবর্তী টিকিট কবে? রেলওয়ের নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ১৯ মার্চ পাওয়া যাবে ২৯ মার্চের ফিরতি টিকিট। এ ছাড়া চাঁদ দেখার ওপর ভিত্তি করে ২০, ২১ ও ২২ মার্চের ট্রেনের টিকিট বিক্রির বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।