পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা এবং মুসলিম উম্মাহর প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতরের দিনক্ষণ নির্ধারণে চূড়ান্ত প্রস্তুতি গ্রহণ করেছে জাতীয় চাঁদ দেখা কমিটি। আগামী বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় রাজধানী বায়তুল মোকাররম সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হবে।
চাঁদ দেখার সংবাদ পর্যালোচনায় উচ্চপর্যায়ের বৈঠক ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ এই সভায় সভাপতিত্ব করবেন। দেশের ৬৪ জেলা থেকে প্রাপ্ত চাঁদ দেখার সংবাদ এবং আবহাওয়া দপ্তরের তথ্য বিশ্লেষণ করে এই সভা থেকেই পবিত্র ঈদুল ফিতরের চূড়ান্ত তারিখ ঘোষণা করা হবে। সারাদেশের মানুষ অধীর আগ্রহে এই সভার সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছে।
চাঁদ দেখার তথ্য জানাতে বিশেষ অনুরোধ দেশের আকাশে কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে তা তাৎক্ষণিকভাবে জাতীয় চাঁদ দেখা কমিটিকে জানানোর জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে বিশেষ অনুরোধ জানানো হয়েছে। সাধারণ মানুষ যাতে সহজে তথ্য দিতে পারে, সেজন্য নির্দিষ্ট কিছু টেলিফোন নম্বর সচল রাখা হয়েছে।
যোগাযোগের জন্য সচল নম্বরসমূহ চাঁদ দেখার খবর জানাতে নিচের নম্বরগুলোতে যোগাযোগ করা যাবে:
- ০২-৪১০৫৩২৯৪
- ০২-২২৬৬৪০৫১০
- ০২-২২৩৩৮৩৩৯৭
এছাড়াও সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক (ডিসি) অথবা নিজ নিজ উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) চাঁদ দেখার সংবাদ জানানো যাবে। ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, প্রাপ্ত তথ্যগুলো যাচাই-বাছাইয়ের পর ধর্মমন্ত্রী দেশের আকাশে চাঁদ দেখা এবং ঈদ উদযাপনের আনুষ্ঠানিক ঘোষণা দেবেন।