আগামী এপ্রিলে শুরু হতে যাওয়া প্রাথমিক বৃত্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। এবার বাংলা, ইংরেজি, গণিত, প্রাথমিক বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয়—এই পাঁচটি বিষয়ে শিক্ষার্থীদের মেধা যাচাই করা হবে। পরীক্ষা পদ্ধতি ও শিক্ষার্থীদের জন্য করণীয় নিয়ে বিস্তারিত নীতিমালা প্রকাশ করা হয়েছে।
পরীক্ষার মান বণ্টন ও সময় বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ের ১০০ নম্বরের পরীক্ষার জন্য সময় বরাদ্দ থাকবে ২ ঘণ্টা ৩০ মিনিট। অন্যদিকে প্রাথমিক বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ে ৫০ নম্বর করে মোট ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে, যার জন্যও ২ ঘণ্টা ৩০ মিনিট সময় দেওয়া হবে। তবে বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীরা নিয়মানুযায়ী অতিরিক্ত ৩০ মিনিট সময় পাবেন।
বৃত্তির ক্যাটাগরি ও কোটা নীতিমালা অনুযায়ী, ট্যালেন্টপুল ও সাধারণ—এই দুই ক্যাটাগরিতে বৃত্তি প্রদান করা হবে। মেধা তালিকায় ছাত্র ও ছাত্রীদের সমানুপাতিক হারে (৫০ শতাংশ করে) নির্বাচন করা হবে। মোট বৃত্তির ৮০ শতাংশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এবং অবশিষ্ট ২০ শতাংশ বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত থাকবে।
পরীক্ষার্থীদের জন্য ১০টি বিশেষ নির্দেশনা ১. প্রবেশপত্রসহ নির্ধারিত সময়ের মধ্যে কেন্দ্রে উপস্থিত হতে হবে। প্রবেশপত্র ছাড়া পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে না। ২. ক্যালকুলেটর, মোবাইল ফোন বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে আনা সম্পূর্ণ নিষিদ্ধ। ৩. উত্তরপত্রের ওএমআর অংশে নির্ধারিত স্থান ছাড়া অন্য কোথাও নাম বা রোল নম্বর লেখা যাবে না। ৪. উত্তরপত্রে অবশ্যই কক্ষ পরিদর্শকের (ইনভিজিলেটর) স্বাক্ষর থাকতে হবে, অন্যথায় তা বাতিল হবে। ৫. উত্তরপত্রের কোথাও কোনো আপত্তিকর বা সাংকেতিক চিহ্ন ব্যবহার করা যাবে না। ৬. খসড়ার জন্য আলাদা কাগজ দেওয়া হবে না; উত্তরপত্রেই খসড়া করে তা কেটে দিতে হবে। ৭. টেবিল, স্কেল বা নিজের শরীরে কোনো কিছু লেখা যাবে না। ৮. পরীক্ষা শুরুর এক ঘণ্টার আগে কোনো পরীক্ষার্থী হল ত্যাগ করতে পারবে না। ৯. পরীক্ষা শেষে উত্তরপত্র কক্ষ পরিদর্শকের কাছে জমা দিয়ে তবেই বের হতে হবে। ১০. কর্তৃপক্ষ কর্তৃক নির্দেশিত অন্যান্য সকল নিয়মাবলি যথাযথভাবে অনুসরণ করতে হবে।
পরীক্ষা চলাকালীন আচরণবিধি পরীক্ষা চলাকালে শৃঙ্খলা বজায় রাখতে বেশ কিছু নিয়ম বাধ্যতামূলক করা হয়েছে। হলে একে অন্যের সঙ্গে কথা বলা, প্রশ্নপত্র বা উত্তরপত্র বিনিময় করা এবং অন্যের দেখে লেখা সম্পূর্ণ নিষিদ্ধ। এছাড়া উত্তরপত্রের কোনো পৃষ্ঠা পরিবর্তন বা বিনষ্ট করা যাবে না।