শিক্ষাজীবনে উচ্চশিক্ষা ও গবেষণা
আহমাদ মায়া আখতারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগ থেকে ডক্টর মৃদুলকান্তি স্যারের তত্ত্বাবধানে নজরুল সঙ্গীতের ওপর এই বিশেষ ডিগ্রি লাভ করেন। এর আগে তিনি একই বিশ্ববিদ্যালয় থেকে মনোবিজ্ঞানে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। এছাড়াও, বুলবুল ললিতকলা একাডেমি (বাফা) থেকে পাঁচ বছর করে নজরুল সংগীত এবং রবীন্দ্র সংগীতের কোর্স সফলভাবে শেষ করেন তিনি।
সংগীত গুরু ও প্রাতিষ্ঠানিক শিক্ষা
আনুষ্ঠানিক সংগীত শিক্ষায় তিনি গুণী শিক্ষক বেদার উদ্দিন, রফিকুল ইসলাম, ইয়াকুব আলী খান, সালাউদ্দিন আহমেদ, রশিদুন নবী, তপন মাহমুদ ও মহাদেব ঘোষের মতো প্রথিতযশা শিল্পীদের কাছে তালিম নিয়েছেন। নজরুল ইনস্টিটিউট পরিচালিত নজরুল সংগীতের প্রথম ডিপ্লোমা কোর্সও সম্পন্ন করেন মায়া। সেখানে তিনি নজরুল সঙ্গীতের দুই দিকপাল ওস্তাদ সুধীন দাস ও ওস্তাদ সোহরাব হোসেনের সান্নিধ্য লাভ করেন। এছাড়া, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে নজরুল ইনস্টিটিউট আয়োজিত ‘শুদ্ধ সুর ও বাণীতে নজরুল সংগীত প্রশিক্ষক কোর্স’ সাফল্যের সাথে সম্পন্ন করেন তিনি।
উচ্চাঙ্গ সংগীতে তালিম
নজরুল সংগীতের পাশাপাশি তিনি উচ্চাঙ্গ সংগীতেও বিশেষ তালিম নিয়েছেন। শিল্পকলা একাডেমি, ছায়ানট ও ভারতীয় হাই কমিশন, ঢাকা আয়োজিত কোর্স— ডান্স অ্যান্ড মিউজিক টিচিং সেন্টার (ভারতীয় হাই কমিশন, ঢাকা) থেকে তিনি ২০০০ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত গুরু সূচনা বৃহঃস্পতি এবং ড. সরায়ু কালাকারের কাছে শাস্ত্রীয় সংগীতে ‘গুরু-শিষ্য পরম্পর’ পদ্ধতিতে শিক্ষা গ্রহণ করেন।
পারিবারিক সংগীত ঐতিহ্য
আহমাদ মায়া আখতারীর ধমনীতেই রয়েছে সুরের মূর্ছনা। তার দাদা রাজশাহী শিক্ষা বোর্ডের কন্ট্রোলার জালাল উদ্দীন আহমাদ এবং বাবা স্থপতি রাজিউদ্দীন আহমাদ— দুজনেই ছিলেন সংগীতজ্ঞ। তার নানা রংপুরের এসডিও আবদুল মান্নান এবং মা স্বর্ণপদকপ্রাপ্ত স্কুল শিক্ষক হাবিবা আখতারীও ধ্রুপদী সংগীতে ছিলেন অনন্য। ফলে শৈশবেই পারিবারিক সূত্র থেকে সংগীতের তালিম পান তিনি। আহমাদ মায়ার পাঁচ বোনই সংগীতে পারদর্শী।
কর্মজীবন ও পেশাগত অর্জন
সংগীতশিল্পী আহমাদ মায়া আখতারী বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের স্পেশাল গ্রেডের শিল্পী হিসেবে তালিকাভুক্ত। বিভিন্ন বেসরকারি স্যাটেলাইট টেলিভিশনে তিনি নজরুল, রবীন্দ্র, আধুনিক ও পল্লীগীতি পরিবেশন করে থাকেন। তিনি নজরুল সংগীতশিল্পী পরিষদ ও রবীন্দ্র সংগীতশিল্পী সংস্থার আজীবন সদস্য। শিক্ষকতা জগতেও তিনি কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। তিনি উত্তরা কাচপুরা ডিগ্রি কলেজ, লাইসিয়াম ইন্টারন্যাশনাল স্কুল, ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড স্কুলে শিক্ষকতা করেছেন। বর্তমানে তিনি আন্তর্জাতিক মানের শিক্ষা প্রতিষ্ঠান ‘দিল্লী পাবলিক স্কুল’ (ডিপিএস)-এ শিক্ষকতা করছেন এবং একই সাথে বাংলাদেশ শিশু একাডেমি ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সংগীত শিক্ষাকেন্দ্রেও শিক্ষকতা করছেন।
ভবিষ্যৎ পরিকল্পনা
আহমাদ মায়া আখতারী আজীবন শুদ্ধ সুর ও সংগীত চর্চা এবং দেশীয় সংস্কৃতি বিকাশে কাজ করে যেতে চান। তিনি কল্যাণময় সকল কাজের সাথে নিজেকে সম্পৃক্ত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন।