যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালনরত আবিদা ইসলামকে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। শনিবার রাতে কমনওয়েলথের মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে লন্ডন পৌঁছান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর। সেখানে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই ঘোষণা দেন।
উপদেষ্টার বক্তব্য হিথ্রো বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হুমায়ুন কবীর বলেন, ‘একটা সুখবর আছে। শোনেন, একটা সুখবর হলো—এই হাইকমিশনারকে প্রত্যাহার করা হয়েছে। হাইকমিশনার আবিদা ইসলাম হ্যাজ বিন রিমুভড ফ্রম হার পোস্ট।’ তবে কী কারণে তাঁকে প্রত্যাহার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
কূটনৈতিক প্রেক্ষাপট বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর এটিই কোনো বাংলাদেশি কূটনীতিককে বিদেশ থেকে প্রত্যাহারের প্রথম ঘটনা। এর আগে অন্তর্বর্তীকালীন সরকার গত বছরের জানুয়ারিতে আবিদা ইসলামকে লন্ডনে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে নিয়োগ দিয়েছিল। তিনি তৎকালীন হাইকমিশনার সাইদা মুনা তাসনিমের স্থলাভিষিক্ত হয়েছিলেন।
আবিদা ইসলামের কর্মজীবন পেশাদার কূটনীতিক আবিদা ইসলাম ইতিপূর্বে মেক্সিকো ও দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার (প্রধান মিশন) হিসেবেও কাজ করেছেন। তাঁর এই আকস্মিক প্রত্যাহার দেশের কূটনৈতিক মহলে বেশ আলোচনার জন্ম দিয়েছে।