আজ ৮ মার্চ, আন্তর্জাতিক নারী দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও সরকারি ও বেসরকারি উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে। নারীর অধিকার রক্ষা এবং জেন্ডার সমতা নিশ্চিত করার লক্ষে এ বছর বিশ্বব্যাপী ‘গিভ টু গেইন’ (দিয়ে অর্জন) শীর্ষক প্রচারাভিযান পরিচালিত হচ্ছে।
অদম্য নারী সম্মাননা ও বিশেষ স্বীকৃতি মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা নারীদের জন্য আয়োজন করা হয়েছে ‘অদম্য নারী পুরস্কার’। এবারের আয়োজনে একটি বড় আকর্ষণ হলো সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সম্মাননা। গণতন্ত্রের অগ্রযাত্রায় অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
দেশজুড়ে কর্মসূচি ও শোভাযাত্রা দিবসটি উপলক্ষে রাজধানীসহ সারা দেশের জেলা ও উপজেলা পর্যায়ে আলোচনা সভা, র্যালি এবং সচেতনতামূলক কার্যক্রমের আয়োজন করা হয়েছে। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়, বিভিন্ন এনজিও এবং আর্থিক প্রতিষ্ঠানগুলো সম্মিলিতভাবে এসব কর্মসূচি পালন করছে। এছাড়া বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় দেশের সকল তফসিলি ব্যাংকেও যথাযথ গুরুত্বের সাথে দিবসটি পালিত হচ্ছে।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। তারা বিশ্বের সকল নারীকে শুভেচ্ছা জানিয়ে নারীর ক্ষমতায়ন এবং অধিকার প্রতিষ্ঠায় সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
গণমাধ্যম ও সামাজিক সংগঠনের উদ্যোগ জাতীয় প্রেসক্লাব বেলা ১১টায় আলোচনা সভা ও প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠানের আয়োজন করেছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। এ অনুষ্ঠানে কৃতী নারী সাংবাদিক হিসেবে মমতাজ বানুকে সম্মাননা প্রদান করা হবে। এছাড়া ঢাকা রিপোর্টার্স ইউনিটিও (ডিআরইউ) সকালে র্যালির মাধ্যমে দিবসটি উদযাপন শুরু করেছে। তবে রমজানের কারণে ডিআরইউ-এর মূল অনুষ্ঠানগুলো ঈদুল ফিতরের পর অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।